অনলাইন ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ দুইজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন দাউদকান্দি থানার পুলিশ সদস্যরা। এ সময় স্থানীয় কিছু দুর্বৃত্ত ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন এবং দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহসীন হোসেন আহত হন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম। তিনি জানান, “অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে বাধা দেয়ার জন্য দুর্বৃত্তরা হামলা করেছে, যার ফলে দুইজন আহত হয়েছেন।”
আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানিয়েছেন, অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ পুলিশের ওপর হামলা চালানো হয়। এসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নিরাপত্তায় এসআই মহসীন হোসেন এবং সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হন।
এ বিষয়ে ইউএনও নাঈমা ইসলাম বলেন, “এই হামলা সরকারি কাজে বাধা দেয়া এবং সন্ত্রাসী কার্যকলাপ। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।”











