নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহে একটি আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি দেখা যায় মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা রাখছে না, তাহলে আমাকে এসএমএস করে জানাবেন। বাকিটা আমরা দেখব।
মো. আসাদুজ্জামান বলেন, “এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ফ্যামিলি, কৃষক, ইমাম কার্ডসহ সব মানবিক-উন্নয়ন কর্মসূচি পুরোদমে শুরু করা হবে।”
আইনমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে। আগে দেখা যেত, বাজেট ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হতো। তখন স্লোগান ছিল, ‘গরিব মারার বাজেট মানি না।’ আর এখন বাজেট ঘোষণার পর মিছিল হচ্ছে, ‘সিগারেটের দাম বাড়ল কেন, মদের দাম বাড়ল কেন?’ এমন ঘটনায় অবাক হয়েছেন মন্ত্রী। তিনি এ বিষয়ে বলার ভাষা পাচ্ছেন না।
সভায় আধুনিক পদ্ধতিতে পশু জবাই নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করলে মাংসের গুণগত মান বজায় থাকে। ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ভোটারের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা ক্ষমতায় গেলে নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। সারা বাংলাদেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ ১৯টি জেলায় ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। আমরা ইতোমধ্যে কৃষক কার্ড উদ্বোধন করেছি, হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খননের উদ্বোধন করেছি। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, তার পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি।











