নিজস্ব প্রতিবেদক:
চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে দেশে মোট ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকার সমান। এ হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে আরও বলা হয়, মার্চের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে একই সময়ে যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার এবং ৫৩ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এতে দেখা যাচ্ছে, মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এছাড়া, মার্চের প্রথম ৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২ থেকে ৮ মার্চ পর্যন্ত ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে এবং ১ মার্চ ৩ কোটি ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার ছিল।











