অনলাইন ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর যে ইচ্ছা প্রকাশ করেছিলেন এই তারকা অলরাউন্ডার, তা আর পূরণ হচ্ছে না। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সাকিবের জায়গায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগ্রহ জানিয়ে কানপুর টেস্ট চলাকালীন অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। বিসিবি তাকে অন্তর্ভুক্ত করেই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। সে অনুযায়ী দুবাই হয়ে দেশে ফেরার পথেই ছিলেন তিনি। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে তার বিরুদ্ধে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা এবং নিরাপত্তাশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে দুবাই থেকেই অবস্থান পরিবর্তন করতে হয় সাকিবকে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে দেশের মাটিতে সাকিবের বিদায়ী টেস্ট খেলার দীর্ঘদিনের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে থমকে গেল।
সাকিবের শূন্যতা পূরণে জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া ২৩ বছর বয়সী হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ধারাবাহিক। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এর আগেও জাতীয় দলের আশপাশে ছিলেন তিনি। এবার অভিজ্ঞ অলরাউন্ডারের বিকল্প হিসেবে জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিলেন এই স্পিনার।
আগামী ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সাকিবকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামার কৌশল ঠিক করতে হচ্ছে স্বাগতিকদের।











