মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১
জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সেলিম মোল্লা (৪০) নামে একজন নিহত হয়েছেন। এতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এই সংঘটিত ঘটনায় প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে ১৫ থেকে ২০ জন ঝাঁপ দিলে আলমগীর দালাল (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ এবং আওলাদ হোসেন মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, আওলাদ হোসেন মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং রহিম মোল্লা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এরা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ইউপি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এই নিয়ে গত সপ্তাহেও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার ভোরে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ালে সেলিমসহ ১০ থেকে ১২ জন আহত হন। এদের মধ্যে সেলিমসহ কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে শিশু আব্দুর রহিমের (৪) পেটে বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টার আঘাত হানলে তার পেটের ভুরি বের হয়ে যায় এবং সে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে প্রাণ বাঁচাতে এক পক্ষের ১৫-২০ জন পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে যেতে চৈতারচরে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দেয়। এতে আলমগীর দালাল নিখোঁজ হন। বাকিরা সোলারচর গ্রামে উঠতে সক্ষম হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে নিখোঁজ আলমগীরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া স্থানীয় গ্রামবাসী জাল দিয়ে নিখোঁজ আলমগীরের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনায় দুই পক্ষের আওলাদ হোসেন ও রহিম মোল্লার কারো বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, এলাকার মধ্যে আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আরও একজন চৈতারচর খালে নিখোঁজ আছে বলে জানতে পেরেছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত এক থেকে দেড় বছরে এই মোল্লাকান্দিতে দুই পক্ষের আধিপত্যের বিস্তারকে ঘিরে ১৫ থেকে ২০ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি নিহতসহ শতাধিক আহত হয়েছেন। ককটেল বিস্ফোরিত হয়েছে বৃষ্টির মতো, কমপক্ষে অর্ধসহস্রাধিক।
