ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মেহেরপুরে উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদ: প্রতি ৫ ঘণ্টায় হচ্ছে একটি তালাক

প্রকাশিত: 9 November 2026, 3:35 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাল্যবিয়েমুক্ত জেলার সরকারি তকমা থাকলেও মেহেরপুরে কম বয়সে সংসার গড়ার চরম মূল্য চুকাতে হচ্ছে অসংখ্য নারীকে। অতি অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা এসব নারী স্বামীর অবহেলা, মাদকের নীল ছোবল, অনলাইন জুয়ার আসক্তি, যৌতুকের নির্যাতন আর পরকীয়ার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। কারো কোলে রয়েছে কোলাহলপূর্ণ শিশু, আবার কারো সন্তান স্কুলে যাওয়া শুরু করেছে—ঠিক এমন সময়ই ভেঙে যাচ্ছে তাদের সাজানো সংসার। বাধ্য হয়ে শেষমেশ অনেক নারী বাবার বাড়িতে ঠাঁই নিচ্ছেন, আবার কেউ কেউ সংসারটা বাঁচাতে বিভিন্ন সামাজিক সংগঠনের দ্বারে দ্বারে ঘুরছেন। এই পরিস্থিতির সবচেয়ে বড় সংকট হলো, অপ্রাপ্তবয়সে বিয়ে হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই কোনো আইনি কাবিননামা বা নিবন্ধন ছিল না। ফলে বিবাহবিচ্ছেদের পর খোরপোশ কিংবা সন্তানের ভবিষ্যৎ অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ে তাদের পড়তে হচ্ছে কঠিন আইনি জটিলতার মুখে।

জেলা রেজিস্ট্রারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মেহেরপুরে ২ হাজার ২৬টি বিয়ের বিপরীতে তালাকের ঘটনা ঘটেছিল ২ হাজার ১০টি। আর ২০২৫ সালে বিয়ে হয়েছে ২ হাজার ৫১৩টি, যার বিপরীতে তালাক হয়েছে ২ হাজার ১৬০টি। অর্থাৎ বিয়ের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যাও। শুধু তাই নয়, ২০২৫ সালের পরিসংখ্যান বলছে, জেলায় গড়ে প্রতি পাঁচ ঘণ্টায় একটি তালাকের ঘটনা ঘটেছে।

মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের দিনমজুর সাহার আলীর মেয়ে জলি খাতুনের বিয়ে হয়েছিল অষ্টম শ্রেণিতে পড়ার সময়। স্বামী রাজু হোসেনের সঙ্গে সংসারে জন্ম নেয় মেয়ে আরিশা, যার বর্তমান বয়স তিন বছর। জলির অভিযোগ, বিয়ের পরই তিনি জানতে পারেন তার স্বামী একজন মাদকাসক্ত ব্যক্তি এবং রাতভর অনলাইন ক্যাসিনো ও জুয়ায় মেতে থাকেন। একপর্যায়ে স্বামীর পক্ষ থেকে যৌতুকের জন্য চাপ শুরু হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে তার শ্রমজীবী বাবা ৪০ হাজার টাকা দেন এবং বিয়েতে পাওয়া স্বর্ণের দুলও বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করে দেন স্বামী। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, টেকেনি সংসার। গর্ভাবস্থায় জলির ভাগ্যে জোটেনি কোনো পুষ্টিকর খাবারও। বর্তমানে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং বাল্যবিবাহের কারণে বিয়ের কোনো নিবন্ধনও সম্পন্ন হয়নি।

একই গ্রামের জাকিয়া খাতুনের বিয়ে হয়েছিল মাত্র ১৫ বছর বয়সে। ভালোবেসে বিয়ে করার পর ১৬ বছর বয়সেই তিনি সন্তানের মা হন এবং বর্তমানে দুটি সন্তান নিয়ে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। জাকিয়ার অভিযোগ, তার স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে অন্য এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকেই স্ত্রী-সন্তানের সব ধরনের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। জাকিয়া জানান, শ্বশুর-শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো স্নেহ করলেও স্বামীর অবহেলার কারণে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে গেছে।

সদর উপজেলার আমদহ গ্রামের নিলুফা খাতুনের বিয়ে হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে এবং ১৫ বছর বয়সেই তিনি প্রথম সন্তানের মা হন। সন্তান কোলে নিয়েই তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন। বর্তমানে তার বড় ছেলের বয়স আট বছর এবং ছোট সন্তানের বয়স ১০ মাস। নিলুফার অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার ওপর নির্যাতন চালাতেন স্বামী। বিদেশ যাওয়ার জন্য টাকা দাবি করা হলে তার দরিদ্র বাবা একটি মোটাতাজা গরু তুলে দেন। তবে স্বামী বিদেশ যাওয়ার পর শ্বশুর-শাশুড়ির নির্যাতন আরও বহুগুণ বেড়ে যায় এবং একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি সরকারি সহায়তায় পাওয়া বাবার বাড়ির ঘরে মা-বাবার সঙ্গেই বসবাস করছেন।

সদর উপজেলার পিরোজপুর গ্রামের জালিমন খাতুনের বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে। বিয়ের সময় পাত্রকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও মুরগির খামারের মালিক বলা হলেও বিয়ের পর জানা যায় তিনি আসলে মাদকাসক্ত। যৌতুক হিসেবে এক লাখ টাকা দেওয়ার পরও তার ওপর নির্যাতন বন্ধ হয়নি। ১৫ বছর বয়সে সন্তানের জন্ম দেন জালিমন। এই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি একাধিকবার বাবার বাড়িতে ফিরে আসেন এবং থানা ও ইউনিয়ন পরিষদে সুনির্দিষ্ট অভিযোগও দায়ের করেন। সামাজিক সমঝোতার মাধ্যমে তিনবার স্বামীর বাড়িতে ফিরে গেলেও প্রতিবারই তার ওপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায় বলে অভিযোগ করেন তিনি। এবার ন্যায়বিচার চেয়ে তিনি অভিযোগ দিয়েছেন মানব উন্নয়নকেন্দ্রে।

জলি, জাকিয়া, নিলুফা ও জালিমনের মতো এমন অসংখ্য নারী নিজেদের সংসার টিকিয়ে রাখা এবং নিজেদের ও সন্তানদের আইনি অধিকার আদায়ের শেষ ভরসা হিসেবে ওই সামাজিক সংগঠনের দ্বারস্থ হয়েছেন।

বেসরকারি সামাজিক সংগঠন মানব উন্নয়নকেন্দ্রের পরিচালক মো. আশাদুজ্জামান সেলিম জানান, গত ১৫ বছরে পারিবারিক বিরোধ ও নির্যাতনসংক্রান্ত মোট ১১ হাজার ১৯৮১টি অভিযোগ তাদের হাতে এসেছে। এর মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে ৫ হাজার ৩৩৭টি পরিবারকে তারা পুনরায় একসঙ্গে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া ২ হাজার ৮৯৬ জন গৃহবধূর যৌতুক ও সন্তানের ভরণপোষণের অর্থ আদায় করে দেওয়া হয়েছে এবং ৩৭৫টি অভিযোগ পাঠানো হয়েছে আদালত ও লিগ্যাল এইডে। তবে তিনি মনে করেন, সব সংসার সমঝোতার মধ্য দিয়ে টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়, তাই নির্যাতনের শিকার নারীর সার্বিক নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, পারিবারিক এই বিচ্ছেদের পেছনে প্রধানত অনলাইন জুয়া, মাদকাসক্তি, বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌতুক, পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং বাল্যবিবাহের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব কাজ করছে। অল্প বয়সে বিয়ের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন চিরতরে বন্ধ হয়ে যায় এবং তারা অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বামীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে নির্যাতন ও অবহেলার শিকার হলেও অনেকের পক্ষেই স্বাধীনভাবে কোনো জোরালো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।

জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ মনে করেন, শুধু তালাকের সংখ্যা দিয়ে এই সংকটের প্রকৃত গভীরতা ও ভয়াবহতা অনুধাবন করা সম্ভব নয়। বাল্যবিয়ে পুরোপুরি প্রতিরোধ করা, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার কঠোর হাতে রোধ করা, যৌতুক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিচ্ছেদের শিকার নারী ও শিশুদের সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

মন্তব্য করুন