সম্পদের ৯৯ শতাংশ দান করবেন জাকারবার্গ: তিন মেয়ের জন্য থাকছে কত?
অনলাইন ডেস্ক:
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী ডা. প্রিসিলা চ্যান তাদের অর্জিত বিপুল সম্পদের ৯৯ শতাংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। নিজেদের তিন মেয়ের জন্য পুরো সম্পদ রেখে যাওয়ার পরিবর্তে জীবদ্দশায়ই মেটার অধিকাংশ শেয়ার দাতব্য খাতে বিলিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
২০১৫ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান ম্যাক্সিমার জন্মের পরপরই এই যুগান্তকারী ঘোষণা আসে। ‘এ লেটার টু ম্যাক্স’ শিরোনামে মেয়েকে লেখা এক খোলা চিঠিতে জাকারবার্গ ও প্রিসিলা তাদের এই সিদ্ধান্তের কথা বিস্তারিত তুলে ধরেন।
এই লক্ষ্য বাস্তবায়নে তারা গড়ে তুলেছেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ (সিজেডআই)। মানবিক সম্ভাবনার বিকাশ এবং সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এই সংস্থাটি। শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
খোলা চিঠিতে জাকারবার্গ ও প্রিসিলা উল্লেখ করেছিলেন, ভবিষ্যৎ প্রজন্মের সব শিশুর প্রতি তাদের নৈতিক দায়িত্ব রয়েছে। শুধু নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করাই নয়, বরং আগামী দিনের সব শিশুর জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখেন তারা।
ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের।
২০১৫ সালে যখন এই ৯৯ শতাংশ শেয়ার দান করার ঘোষণা দেওয়া হয়, তখন সেগুলোর বাজারমূল্য ছিল প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলার। সময়ের সঙ্গে মেটার শেয়ারের মূল্য এবং জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সেই দানের অংক আরও অনেক বেড়েছে।
ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
প্রিসিলা চ্যান ২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের সম্পদ জনকল্যাণে ব্যয়ের এই পরিকল্পনাটি অনেক আগে থেকেই ছিল। ২০০৫ সালে যখন ফেসবুক বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা দেখাতে শুরু করে, তখন থেকেই তারা এ নিয়ে আলোচনা শুরু করেন। প্রিসিলা বলেন, জনসেবার প্রতি তার আগ্রহ ও অঙ্গীকার দীর্ঘদিনের।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের বড় অংশ মানবকল্যাণে ব্যয়ের উদ্যোগ ‘দ্য গিভিং প্লেজ’-এর সঙ্গেও যুক্ত হয়েছেন এই দম্পতি। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য হলো বিশ্বের ধনকুবেরদের নিজেদের সম্পদের অধিকাংশ দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ে উৎসাহিত করা।
তবে সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দিলেও তাদের তিন মেয়ে একেবারে সম্পদহীন থাকবে না। অবশিষ্ট ১ শতাংশ সম্পদের মূল্যও আনুমানিক ২০০ কোটি ডলার। ফলে বিপুল পারিবারিক সম্পদের পাশাপাশি সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে এই দম্পতির।
ব্যক্তিগত সম্পদের বড় অংশ উত্তরাধিকার হিসেবে সন্তানদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণার মতো খাতে বিনিয়োগের মাধ্যমে মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিবর্তন আনাই জাকারবার্গ ও প্রিসিলার এই উদ্যোগের মূল লক্ষ্য।
