যুক্তরাষ্ট্রের হরমুজ নৌ অবরোধ নিশ্চিত ব্যর্থ হবে: ইরান

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধের দেওয়া হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো ধরনের নৌ অবরোধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

বাংলাদেশ সময় আজ সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের মতোই যুক্তরাষ্ট্র এবারও ইরানের কাছে ঐতিহাসিক পরাজয় বরণ করবে। হরমুজ প্রণালি বন্ধ বা যেকোনো নৌ অবরোধ সফল হতে দেবে না আমাদের সশস্ত্র বাহিনী।’

 

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পরিকল্পনার কথা জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। রেজায়ি আরো বলেন, ইরানের সামরিক বাহিনীর কাছে এমন অনেক ‘অব্যবহৃত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকি মোকাবিলায় যথেষ্ট।

 

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘ইরান এমন কোনো দেশ নয়, যাকে কেবল টুইট বা কাল্পনিক অবরোধের পরিকল্পনা দিয়ে আটকে রাখা যাবে।’

 

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে না চাওয়ায় ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।