রমজানে চলমান থাকবে টিসিবির ট্রাকসেল কার্যক্রম

অনলাইন ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, রমজান মাসের শেষ দিন পর্যন্ত টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। এই কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত ১২ লাখ পরিবারের জন্য পণ্য সরবরাহ করা হবে। ৬৩ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহকারী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খুলনা অঞ্চলে স্মার্টকার্ড রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। ২৪ মার্চের মধ্যে বাকি কার্ডগুলোও অ্যাক্টিভেট করা হবে, যার মাধ্যমে আরও বেশি মানুষ এই সুবিধা পাবে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খুলনার শিববাড়ী মোড়ে ‘ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আমরা দেশের ১৩টি অঞ্চলের ১২ লাখ পরিবারের জন্য ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছি।”

তিনি বলেন, “এ কার্যক্রমের মাধ্যমে বাজারে পণ্যমূল্য আরও সহনশীল হবে। ৯ হাজার মেট্রিকটন অতিরিক্ত পণ্য ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে, যা বাজারের মূল্য কমাতে সাহায্য করবে। এই পদক্ষেপ প্রান্তিক মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, “আমরা এমন একটি দিন দেখতে চাই, যেদিন টিসিবির কার্যক্রম আর চালাতে না হয়, এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।”

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নূরুল হাই মোহাম্মদ আনাছ।

এদিকে, কার্ডধারী যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১শ টাকা, চিনি ৭০ টাকা প্রতি কেজি, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা প্রতি কেজি, এবং খেজুর ১৫৬ টাকা প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে।