নিজস্ব প্রতিবেদক:
রমজানে দ্রব্যমূল্য এবং পণ্য সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়ে এই নির্দেশনা দেন।
ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা, যেখানে ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
কনফারেন্সে প্রধান উপদেষ্টা জানান, কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, কৃষি পণ্য সংরক্ষণ এবং সার সরবরাহের ওপর বিশেষ নজর রাখতে হবে। তিনি বলেন, শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্যও কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।
কনফারেন্সের সমাপনী বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, ‘এই আলোচনা সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘এটি আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার। অনেক কিছু শিখলাম, অনেক বিষয়ে নিজেকে অবহিত করলাম। এটা আমাদের কাজে সহায়ক হবে।’
ড. ইউনূস রমজানকে কেন্দ্র করে বাজারমূল্যের দিকে বিশেষ নজর রাখার নির্দেশ দেন এবং জিনিসপত্রের সরবরাহ আরও সহজ করতে কর্মকর্তাদের কাজ করার কথা বলেন। তিনি সরকারের গঠন করা ১৫টি কমিশনের কাজ নিয়েও আলোচনা করেন, যার মধ্যে বেশ কয়েকটি কমিশন শিগগিরই তাদের প্রতিবেদন দেবে। এসব প্রতিবেদন পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং নাগরিকদের সঙ্গে মতবিনিময় করা হবে, যাতে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয়।
প্রধান উপদেষ্টা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন, তা হল প্রতিবেদনগুলোর প্রতিক্রিয়া কী হবে সে বিষয়ে সচেতন থাকতে হবে, যাতে সংস্কারের কাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানান, শীঘ্রই প্রধান উপদেষ্টা বাকি চার বিভাগের ৩৩টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।











