রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে জৈন্তাপুরে বাজার মনিটরিং

জেলা প্রতিনিধি, সিলেট :

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ভোগ্যপণ্য রাখতে এবং সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জৈন্তাপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা দরবস্ত বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। তিনি বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ক্রয়মূল্যের রিসিট, বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করেন।

মনিটরিং চলাকালে দুইটি মুদি ও দুইটি কাঁচাপণ্য দোকানে অনিয়ম দেখতে পান এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিমও উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, “পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করা হয়েছে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসন মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে। আজকের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। কোনো ব্যবসায়ী যদি ক্রেতাদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”