রাজধানীতে মশার উপদ্রব চরমে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে, বিশেষ করে কিউলেক্স মশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নগরজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দিনের বেলায়ও মশার কামড় থেকে রেহাই নেই, ফলে সাধারণ মানুষ ঘরে-বাইরে চরম ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি।

নগরবাসীর অভিযোগ, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যাপ্ত নয়। আগে যেখানে সপ্তাহে একবার মশার ওষুধ ছিটানো হতো, এখন এক মাসেও তা দেখা যায় না। কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সুফল মিলছে না।

তবে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন দাবি করেছে, তারা প্রতিদিন মশক নিধনে ওষুধ ছিটাচ্ছে এবং বিভিন্ন অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা বাড়াতে জরিমানাও করা হচ্ছে। কিন্তু মশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খাচ্ছে বলে স্বীকার করেছেন কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মশার প্রকোপ আরও বাড়বে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরবাসী কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের দাবি জানালেও এখনো তা বাস্তবে রূপ নিচ্ছে না।