অনলাইন ডেস্ক:
রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে এবং এক চরমপন্থি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৫), তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ পদ্মা নদীতে টহলে ছিলেন। এ সময় পাংশা থানার পুলিশ থেকে খবর আসে, যে কিছু সন্ত্রাসী পাংশা থানা এলাকার পদ্মা নদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এতে নৌপুলিশ এবং পাংশা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানকালে সন্ত্রাসীরা নৌকা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে, একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পাইপগান, একটি এয়ারগান, চারটি ককটেল সাদৃশ্য বস্তু, একটি রামদা, ১৮টি তাজা কার্তুজ, একটি লোহার শ্যালো মেশিনের হ্যান্ডেল, একটি কাঠের বাটযুক্ত ডেগার এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। এছাড়া, সন্ত্রাসীদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নৌপুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র, গুলি এবং আরও কেউ এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা, সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।











