অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ডিবির টিম তাকে আটক করে নিয়ে যায়। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “ঢাকা থেকে ডিবির টিম এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন তাকে আটক করা হয়েছে এবং কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবি বিস্তারিত জানাতে পারবে।”
তানভীর সালেহীন ইমন কিশোরগঞ্জের বাসিন্দা। তার বাবা, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০১০ সালে ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন তিনি এবং পরবর্তীতে আইজিপি ব্যাজ (২০১৬) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম, ২০১৭) লাভ করেন। কর্মজীবনে তিনি বেশ কয়েকটি সম্মাননা লাভ করেন, যার মধ্যে কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে রেকর্ড ২৭ বার পুরস্কৃত হয়েছেন।
তানভীর সালেহীন ইমন গত ২০২২ সালে এসপি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি, একাডেমির প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল এবং একাডেমির অধ্যক্ষের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়।











