নিজস্ব প্রতিবেদক:
ঢাকার একটি আদালত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল, তবে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান নতুন তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ এই অর্থপাচার করেছে।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় এবং ৩৭৯ ধারায় একটি মামলা করেন। বর্তমানে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছে।











