অনলাইন ডেস্ক:
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছেন।
রবিবার (১০ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি। এই যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে।” তবে পুতিনের সঙ্গে তার কোনো সাম্প্রতিক সংলাপ হয়েছে কিনা, সে প্রশ্নে তিনি রহস্যজনক অবস্থান নেন।
ট্রাম্পের এই বক্তব্য ২০২২ সালের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের পুতিনের সঙ্গে আলোচনার ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও তিনি বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আসছে দিনগুলোতে বিভিন্ন পর্যায়ে আলোচনা হতে পারে, তবে এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রাশিয়ার সঙ্গে চলমান আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশ্যই বেশ কিছু স্পর্শকাতর আলোচনা চলছে।”
এর আগে ট্রাম্প নির্বাচনী প্রচারে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের ইঙ্গিতও দিয়েছিলেন। তবে কীভাবে তিনি এটি করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য বৈঠক সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। তবে এই বৈঠকের সময় ও স্থান নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।











