নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলা এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার। দুপুর ২টা থেকে বিকেল ৪টা (স্থানীয় সময়) পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে মুখোমুখি হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকটি ‘ওয়ান-টু-ওয়ান’ বা একান্ত বৈঠক হিসেবে অনুষ্ঠিত হলেও, এ নিয়ে উত্তেজনা ও কৌতূহল ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে দেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে কী আলোচনা হতে পারে, তা প্রকাশ করেনি কোনো পক্ষই। তবে নির্বাচনের সময়সূচি, বিচার ব্যবস্থার সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোসহ নানা ইস্যু আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান জাতীয় নির্বাচনের সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারণের প্রস্তাব দিতে পারেন, যেখানে ড. ইউনূস চাইবেন এপ্রিলের প্রথমার্ধে সময় রেখে আইনি ও প্রশাসনিক সংস্কারের অগ্রাধিকার।
তাদের আলোচনায় ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যু, রাখাইনে মানবিক করিডোর, বন্দর ব্যবস্থাপনা ও ‘জুলাই সনদ’-সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেতে পারে।
বিএনপির যুক্তরাজ্য শাখা জানায়, বৈঠকের প্রাক্কালে লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের টিমের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই প্রস্তুতি সভাগুলো অনুষ্ঠিত হয়।
এদিকে, বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তা সংস্থা বাসস-কে বলেন, ‘এই বৈঠক নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ লন্ডনের দিকে তাকিয়ে আছে।’
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জাতি প্রত্যাশা করছে এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের একটি কার্যকর পথ খুঁজে পাওয়া যাবে।’
ডরচেস্টার হোটেলের সামনে সকাল থেকে অবস্থান নেবেন যুক্তরাজ্য বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালেক জানান, বৈঠককে ঘিরে প্রস্তুতি সভা আগেই সম্পন্ন হয়েছে।











