ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

লালমনিরহাটে প্রধানমন্ত্রী: প্রথম সফরেই অংশ নিলেন অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায়

প্রকাশিত: 19 November 2026, 1:15 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

একদিনীয় সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার। সেখানে পৌঁছানোর পর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপ প্রেস সচিব রনি জানান, এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধানমন্ত্রী সরাসরি লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ওই অনুষ্ঠান শেষ করার পর তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের কথা রয়েছে।

এরপর দুপুরের দিকে সরকারপ্রধান সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখান থেকে সার্কিট হাউজে গিয়ে তিনি বিকেল ৩টায় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও সরকারপ্রধানের অংশগ্রহণের কথা রয়েছে।

উল্লেখ্য, বিএনপির নেতা হিসেবে দীর্ঘ ২২ বছর আগে লালমনিরহাটে এসেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম লালমনিরহাট সফর।

মন্তব্য করুন