নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আইনের মামলায় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার এবং সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন খালাস পেয়েছেন। একই মামলায় পরেশ বড়ুয়াকে ১৪ বছর, আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, ১৭ বছর ধরে কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবর কবে মুক্তি পাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জাগো নিউজকে জানান, “কারামুক্তির কাগজপত্র একটার পর এক আসছে, তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি। আজ কাগজপত্র পৌঁছালে আজই কারামুক্তি হবে।”
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।











