অনলাইন ডেস্ক:
তুরস্কে শান্তি আলোচনার মাত্র দু-দিন পর, ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এটি ছিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সবচেয়ে বড় ড্রোন হামলা, যা ব্যাপক আকারে ঘটেছে। রাশিয়া ২৭৩টি ড্রোন ব্যবহার করে কিয়েভ, দিনিপ্রোপেত্রোভস্ক, এবং ডোনেস্ক অঞ্চলে এই হামলা চালায়।
রোববার গভীর রাতে শুরু হওয়া এই হামলা স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত অব্যাহত ছিল। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ হামলায় ২৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং চার বছর বয়সী এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ৩ বছরের বার্ষিকী উপলক্ষে তৃতীয় বৃহত্তম ড্রোন হামলা। এর আগেও ২৩ ফেব্রুয়ারি রাশিয়া ২৬৭টি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছিল, তবে এবারের হামলার পরিধি আগেরটিকে ছাড়িয়ে গেছে।
শান্তি আলোচনা, যা শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল, তা সাময়িক যুদ্ধবিরতির পথ উন্মোচনে ব্যর্থ হয়। তবে, দুই দেশের মধ্যে এক হাজার বন্দি বিনিময়ে একটি চুক্তি হয়েছিল।
হামলার পর, কিয়েভ এবং আশপাশের অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়, যা রাত থেকে টানা নয় ঘণ্টা পর্যন্ত চলেছিল। তবে ৯টার দিকে এই সতর্কতা তুলে নেওয়া হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা গত রাতে ৮৮টি ড্রোন ধ্বংস করেছে এবং ১২৮টি সিমুলেটর ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত না করেই ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়া সম্প্রতি একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে, যাতে অন্তত নয়জন নিহত হয়েছেন।
উল্লেখযোগ্য যে, উভয় দেশই একে অপরকে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য দায়ী করে, তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স











