শার্লক হোমস, ব্যাটম্যানের ছায়ায় সিয়াম, ‘আন্ধার’-এ নতুন এক গোয়েন্দা দেলোয়ার

অনলাইন ডেস্ক:

রায়হান রাফীর সিনেমা মানেই প্রতিবার আলাদা এক নায়ক, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ কিংবা ‘তাণ্ডব’ এর পর এই পরিচালকের নতুন সিনেমা ‘আন্ধার’-এ একদম ভিন্ন চেহারায় দেখা যাবে সিয়াম আহমেদকে। এবার তিনি হয়ে উঠছেন গোয়েন্দা দেলোয়ার, রাফীর ভাষায় যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো একাই ঝাঁপিয়ে পড়বেন অশুভ শক্তির বিরুদ্ধে।

 

নিজের সিনেমার নায়কদের কখনোই একই ছাঁচে ফেলতে চান না রায়হান রাফী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সে কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। রাফী লিখেছেন, ‘আমি সব সময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। যে কারণে কেউ আমার গল্পের একটার নায়কের সঙ্গে আরেকটার নায়কের চরিত্রের কোনো মিল পাবেন না। কিন্তু এত দিনেও একেবারে ক্ল্যাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। “আন্ধার” আমাকে সেই সুযোগ দিয়েছে।’

 

প্রচলিত প্রতিশোধপরায়ণ নায়কের ছকে ফেলা যাবে না ‘আন্ধার’-এর দেলোয়ারকে। পরিচালকের ভাষ্যমতে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই এই চরিত্রের মূল বৈশিষ্ট্য। নিজের কোনো স্বার্থ বা ব্যক্তিগত প্রতিশোধ নয়, বিপদগ্রস্ত মানুষের জন্যই অশুভ শক্তির বিরুদ্ধে লড়বে সে, আর নিজেও বারবার জড়িয়ে পড়বে নতুন নতুন রহস্যে। রাফী বলেন, ‘দেলোয়ার মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনো প্রতিশোধ নেই।’

 

চরিত্রটির জন্য শুটিং শুরুর আগে আরও বেশ কয়েকজন অভিনেতার কথা ভেবেছিলেন রাফী। তবে শুটিং শেষে তাঁর উপলব্ধি হয়েছে, দেলোয়ারের সঙ্গে সিয়াম এতটাই মিশে গেছেন যে এখন আর অন্য কারও কথা কল্পনাও করতে পারছেন না তিনি। সিয়ামের অভিনয়ের প্রশংসা করে পরিচালক লেখেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে, দেলোয়ার মানেই সিয়াম।’

 

দর্শকদের জন্য তাই ‘আন্ধার’ শুধু আরেকটি গোয়েন্দা গল্প নয়, বরং সিয়াম আহমেদকে একেবারে নতুন ও প্রচলিত নায়কোচিত ছক ভাঙা রূপে দেখার সুযোগও বটে। সিয়ামের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, নাজিফা তুষি, গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি প্রমুখ।

 

চলতি বছরের অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আনার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও পূজার ছুটি ঘিরেই মুক্তির পরিকল্পনা সাজাচ্ছেন নির্মাতারা।