শেরপুরে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ৬

জেলা প্রতিনিধি :

শেরপুর সদর উপজেলায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে নকলা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা শেরপুর শহরের দিকে আসছিল। টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।