শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে প্রিমিয়ার ব্যাংকের এমডি শাস্তির মুখে পড়বেন: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যদি পোশাক কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের দেওয়া টাকা আটকে রাখেন, তবে তাকে শাস্তির মুখে পড়তে হবে। তিনি বলেন, “সরকারের দেওয়া টাকা আটকে রাখা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা হবে।”

বৃহস্পতিবার (২৭ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি জানান, প্রিমিয়ার ব্যাংক টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের দেওয়া টাকা না দিয়ে তাদের ঋণ সমন্বয় করছে। এই কারণে গত কিছুদিন ধরে বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন ওই কারখানার শ্রমিকরা।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, “এই টাকাটা আপনাকে ছাড় করতে হবে। আপনি যদি টাকা ছাড় না করেন, আপনি এর দায়-দায়িত্ব নেবেন। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন।” তিনি আরও বলেন, “শ্রমিকদের টাকা যদি না দেওয়া হয়, তাহলে ব্যাংক, শাখা, ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রিমিয়ার ব্যাংক যদি টাকাটা না দেয়, তবে আমি ধরে নেব তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন, সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সেটার জন্য যা করার আমি করব।”

ড. সাখাওয়াত হোসেন বলেন, “এটা সরকারের টাকা, আপনারা সরকারের বিরুদ্ধে দাঁড়াবেন না। আমাদের উত্যক্ত করবেন না।”