নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নির্বাচিত নারী সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আমরা দলের এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ (সংরক্ষিত নারী সদস্যরা) এসেছি এবং তাদের সমর্থন করেছি।”
সংসদে ৫০ সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার রাতে সংসদ ভবনে নবনির্বাচিত এই ৩৬ জন নারী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ হুইপরা উপস্থিত ছিলেন।











