জেলা প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই অনশন সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত চলতে থাকে। প্রায় ২১ ঘণ্টা অনশন চলার পর কয়েকজন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়।
অনশনরত শিক্ষার্থীরা হলেন— চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মো. সুমন আলী, ২০১৯–২০ শিক্ষাবর্ষের ইকরা, একই বিভাগের হুমাইরা, ২০২১–২২ শিক্ষাবর্ষের ইমন ও ২০২২–২৩ শিক্ষাবর্ষের সাদিক।
সোমবার সকাল ১০টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি শিক্ষার্থীদের দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে অনশনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
২০১৭–১৮ সেশনের এক শিক্ষার্থী বলেন, “আমাদের এক দফা দাবি—বহিরাগত সভাপতির অপসারণ। আমরা চাই, আমাদের বিভাগের সভাপতি হবেন আমাদেরই শিক্ষক। প্রশাসনের সঙ্গে আলোচনা করেও সমাধান না হওয়ায় আমরা অনশনে বসেছি। ইতিমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাকে অপসারণ করা হচ্ছে, আমাদের অনশন চলবে।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ যেন সুষ্ঠুভাবে চলে, সেটাই আমার দায়িত্ব। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান বের হবে। তবে এমন সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগে।”











