অনলাইন ডেস্ক:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি হওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারবেন।
এ বছর, এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন আবেদন করেছিলেন, যার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৯ জানুয়ারি প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট ৫,৩৭২ জন শিক্ষার্থী নির্বাচিত হন।
এর আগে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারিত ছিল, তবে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি কমিটির সভায় নতুন সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।











