সাইফুল ইসলাম হত্যায় ২০ জন আটক, আদালতে বিচারের দাবিতে আন্দোলন

ট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৫ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে। মঙ্গলবার বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা এবং হাজারী গলি এলাকায় অভিযান চালানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের জানিয়েছেন, আটককৃতদের মধ্যে সাইফুল হত্যা মামলায় জড়িত ৫ জন রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল ইসলাম আলিফ।

এদিকে, দিনভর চলা সংঘর্ষের পর রাত ১০টার দিকে নগরজুড়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তবে, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, নিহত আইনজীবী সাইফুল ইসলামের ময়নাতদন্ত আজ সকাল সাড়ে ৮টায় সম্পন্ন হয়েছে। এরপর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে, নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা জানাজা এবং বিকেলে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, আজ বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হওয়ার কথা থাকলেও, তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আদালত বর্জনের ডাক দিয়েছে।