সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বাকস্বাধীনতা সুরক্ষা এবং ভুয়া ও বিকৃত সংবাদ রোধে ভারসাম্য বজায় রেখে সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। এ বিষয়ে স্টেকহোল্ডার ও সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। কীভাবে ফেক নিউজ, মনগড়া ও বিকৃত সংবাদ আইনি কাঠামোর মধ্যে আনা যায়, তা নিয়ে ভাবা হচ্ছে। এটি শুধু বাংলাদেশের নয়, সব দেশেরই একটি সমস্যা। এখানে আমাদের একটি ভারসাম্য তৈরি করতে হয়—একদিকে বাকস্বাধীনতা, অন্যদিকে এই ধরনের ক্ষতিকর সংবাদ নিয়ন্ত্রণ। আমার বিশ্বাস, খুব দ্রুতই বিষয়টি একটি পরিণত পর্যায়ে পৌঁছাবে।’

নেত্রকোনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সঠিক তদন্ত করবে। আইন সবার জন্যই সমান এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তাই এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি—জাতীয়তাবাদী সরকার সহমত ও সহ-অবস্থানে বিশ্বাস করে। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে হিন্দু-মুসলমান অত্যন্ত সুন্দর ও আন্তরিকভাবে একই ছাদের নিচে বসবাস করতে পারি এবং নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি।’

এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।