অনলাইন ডেস্ক
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল মঙ্গলবার এই হত্যার প্রতিবাদে ডিআরইউ’র সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন।
সমাবেশে আবু সালেহ আকন বলেন, “আমরা সবাই সাগর-রুনি হত্যার বিচার চাই। এই হত্যার বিচার চাওয়া আমাদের সংগ্রাম। যারা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছেন, পকেটে টাকা ভরেছেন, আলিসানভাবে বিদেশে গিয়েছেন, তাদেরও বিচার করবে এই সাংবাদিক সমাজ।” তিনি আরও বলেন, “আমরা আশা করছি, নতুন কমিটিতে যারা আসবেন, তারা এই হত্যার বিচার চাওয়ার সংগ্রামে অংশগ্রহণ করবেন।”
এছাড়া তিনি জানান, “২ মার্চ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে, যদি সেদিন প্রতিবেদন না আসে, তবে আমরা সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামবো এবং জোরালো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।” তিনি সরকার পরিবর্তনের পর এই হত্যার বিচার নিয়ে নতুন আশার কথা জানান।
সাগর-রুনি হত্যার বিচার দাবি করে ডিআরইউ সভাপতি বলেন, “গত ১৩ বছরেও এই হত্যার বিচার হয়নি। এই হত্যাকাণ্ডে প্রভাবশালীরা জড়িত ছিল। এখন সময় এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, আমরা আশা করছি, এবার বিচার হবে।”
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তে কোনও সুরাহা হয়নি। থানা পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই — চারবার তদন্ত সংস্থা বদল হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি।
সমাবেশে আরও বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রতিষ্ঠাতা সদস্য কুদরত-ই-খুদা, রাশেদ আহমেদ, গাজী আনোয়ার, ডিইউজে প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।











