জেলা প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরে মাইনুল ইসলাম রিফাত (২৪) নামে এক যুবক গোসল করতে নেমে নিহত হন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর সঙ্গে থাকা বন্ধুরাও একই কলেজের শিক্ষার্থী।
রিফাতের বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদা পাথর ঘুরতে যান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছে তাঁরা একসঙ্গে পানিতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর রিফাতকে দেখতে না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের পর্যটকদের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি জানান, চার বন্ধু একসঙ্গে সাদা পাথরের মূল গোসলের স্থানে পানিতে নামেন। গোসল শেষে দুজন ওপরে উঠে যান। অপর দুজনের মধ্যে একজন সাঁতার না জানায় নদীর তীব্র স্রোতে হাবুডুবু খেতে থাকেন। পরে আশপাশের পর্যটকরা দ্রুত তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











