সারমিন আকতার, নওগাঁ :
নওগাঁ জেলার সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল সংস্কার এবং নতুন মৎস্য প্রকল্পের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে যেমন এখানকার মৎস্যজীবীরা স্বাবলম্বী হবেন, তেমনি বিলের জীববৈচিত্রও রক্ষা পাবে। এছাড়া, মৎস্যখাতে দেশের মাছের চাহিদা পূরণে জবই বিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মৎস্য উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদের সভাপতিত্বে বিল পাড়ের এক বদ্ধভূমি প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রইফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি বলেন, “ঐতিহ্যবাহী এই বিল সংস্কার ও নতুন প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের ভাগ্যন্নয়ন এবং জীববৈচিত্র রক্ষায় কাজ করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন এস. এম. রেজাউল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর, মো. শাহেদ আলী, উপ-পরিচালক (পরিকল্পনা শাখা), আব্দুল ওয়াহেদ মন্ডল, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া, উপজেলা ও আশপাশের এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষী এবং স্থানীয় লোকজনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











