অস্ত্র হাতে অভিযানের বিতর্কে ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গেন্ডারিয়ায় নিজ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান চালানোর এক দিনের মাথায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে এই নির্দেশ দেওয়া হয় বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই অভিযানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও অস্বস্তির সৃষ্টি হয়। একই সঙ্গে দল ও সরকারের ভেতরেও বিষয়টিতে অসন্তোষ তৈরি হয়।

সরকার ও দলীয় সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে অভিযানে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র উঁচিয়ে মাঠে নামা এবং সহযোগীদের মাধ্যমে গুলি করার হুমকি দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। বিশেষ করে, একই দিনে প্রধানমন্ত্রী যখন রাজধানীর হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ব্যস্ত ছিলেন, তখন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড পুরো সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধাওয়া দিচ্ছেন। এ সময় তার সফরসঙ্গীদের ‘গুলি করে দেওয়ার’ হুমকি দিতে এবং সাধারণ মানুষের ওপর মারমুখী হতে দেখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালার ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে ডিএমপির ওয়ারী বিভাগকে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেছেন, স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সামাজিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পড়েন তারা। তখন নিজের ও সঙ্গীদের আত্মরক্ষার্থে তিনি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি সাময়িকভাবে উঁচিয়ে ধরেছিলেন। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী অভিযানে যাওয়ার আগে স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করেননি।

ইশরাককে পদত্যাগের এই নির্দেশকে সরকারের মন্ত্রীদের আচরণ ও জবাবদিহির বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর আড়াই সপ্তাহ আগে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সংসদ সদস্য পদ ছাড়তে হয়েছিল সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে।