সাপাহারে বসতবাড়ি হারানোর শঙ্কায় আদিবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর সাপাহার উপজেলার কামাশপুর আদিবাসী পাড়ার দুলাল এক্কার অসহায় পরিবার প্রভাবশালী মহলের রোষানলে পড়ে বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত। সম্প্রতি, স্থানীয় প্রভাবশালী তসলিম উদ্দীন এবং তার পরিবারের সদস্যরা বেআইনিভাবে বসতবাড়িতে প্রবেশ করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর এবং জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় দুলাল এক্কা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দুলাল এক্কা জানান, তার পরিবারের প্রায় ৫০-৬০ বছর ধরে বসবাস করা সম্পত্তি, যার মালিক পোরশা উপজেলার জোতদারগণ, স্থানীয় প্রভাবশালী তসলিম উদ্দীন ও তার পরিবারের সদস্যরা দখলে নিতে চেষ্টা করছেন। অভিযোগে বলা হয়, গত ৬ আগস্ট তারা অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করে। এছাড়া, ২৭ ফেব্রুয়ারিতে আরও এক দফা ভয়-ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় দুলালের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে এবং বসতবাড়ি রক্ষায় প্রশাসনের সহায়তা চাচ্ছে।

এ বিষয়ে, তসলিম উদ্দীন অভিযোগ করে বলেন, তিনি পোরশার জোতদারের কাছ থেকে সম্পত্তিটি কিনেছেন এবং আদিবাসীদের জন্য বিকল্প স্থান প্রদানের কথা জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে, তবে দুলাল এক্কা সেটি অমান্য করে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক নিশ্চিত করেছেন যে, অভিযোগের তদন্ত চলছে এবং উভয় পক্ষকে নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করা হচ্ছে।