সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ আর নেই

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সালের জুনে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া, তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

তার জানাজা আজ বাদ আসর রাজধানীর মহাখালীর টিবি হাসপাতাল গেট সংলগ্ন গাউছুল আজম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা এবং ময়মনসিংহের দাপুনিয়া হাইস্কুল মাঠে বাদ মাগরিব তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।