নিজস্ব প্রতিবেদক:
আজ সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
পরীক্ষার প্রথম দিন আজ রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি ভাসানটেক সরকারি কলেজ এবং পরে সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন সাধারণ শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী, ৮৬ হাজার ১০২ জন মাদ্রাসা বোর্ডের (আলিম) শিক্ষার্থী এবং ১ লাখ ৯ হাজার ৬১১ জন কারিগরি বোর্ডের পরীক্ষার্থী।
মোট ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। দেশের বাইরেও ৮টি কেন্দ্রে ২৯৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এ বছর ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রশ্নফাঁস রোধে সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।











