জেলা প্রতিনিধি, সিলেট :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স এন্ড এডমিন উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কৃষির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বাংলাদেশে বিরাট সম্ভাবনা রয়েছে এবং সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সব সময় আন্তরিক। তিনি কৃষি প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাজের প্রতি দৃঢ় মনোভাব রাখতে অনুরোধ জানান।
ড. মজিবুর রহমান বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট আয়োজিত ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্স প্রকল্প (ফ্রিপ) এর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কৃষি উন্নয়নে সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছে, যাতে দেশের খাদ্য ঘাটতি মোকাবিলা করা যায় এবং নতুন ফসল বিদেশে রপ্তানি করা সম্ভব হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রিপ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ড. তৌফিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোছাঃ কুহিনুর বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ পরিচালক মোঃ আক্তারুজ্জামান এবং মৌলভীবাজারের উপ পরিচালক শামসুদ্দিন আহমদ।
ফ্রিপ প্রকল্পটি তিন বছরের মেয়াদী ৩ শত কোটি টাকা ব্যয়ে পরিচালিত হচ্ছে এবং সিলেটের ৪টি জেলার পাশাপাশি হাওর জেলার ৭টি এলাকায় এটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সোলার সিস্টেমের মাধ্যমে সেচ সুবিধা, আধুনিক চাষাবাদ এবং কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের ৫০% কাজ সম্পন্ন হয়েছে বলে জানান কর্মকর্তারা।










