সিলেট সীমান্তে ১৩ বাংলাদেশি আটক

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক হন। পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) তাদের ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।

তবে আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, রবিবার রাতে তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকায় অবৈধভাবে অবস্থানকালে বিএসএফ ১৩ বাংলাদেশিকে আটক করে। পরবর্তীতে ২৩ ডিসেম্বর দুপুরে তাদের ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, “স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ আটক করেছে, তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের এবং বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।”

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, “আমি সোর্স মারফত বিষয়টি জানি। তারা সম্ভবত চোরাচালান করতে গিয়েছিল, তবে এ বিষয়ে তাদের পরিবার বা বিএসএফের পক্ষ থেকে কোনো অফিসিয়াল তথ্য এখনো পাওয়া যায়নি।”