ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সুন্দরবনে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 8 November 2026, 3:26 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সুন্দরবনে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩৫ ঘণ্টা পর রিয়াজ আহমেদ (২৮) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা। নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান মিলছিল না।

শনিবার (৭ নভেম্বর) রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার দুবলার চরের আলোরকোল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, রাত ১১টার দিকে জেলেরা টানার মাথা খালের কাছে মরদেহটি ভাসতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। রিয়াজ যে স্থান থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে খালটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।

বন বিভাগ জানায়, রিয়াজ ১৯ জন পর্যটকের একটি দলের সদস্য হিসেবে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। গত ৫ নভেম্বর পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি ট্রলারে চড়ে তাঁদের দলটি যাত্রা শুরু করে।

পরদিন ৬ নভেম্বর দুপুরের দিকে ট্রলারটি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কাছে নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। সে সময় ট্রলারটি সরাতে কয়েকজন জেলে ও চারজন পর্যটক পানিতে নামেন। এ সময় নদীর প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যান রিয়াজ।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ধার করা মরদেহটি শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক (এসিএফ)।

মন্তব্য করুন