নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুজনকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ধারণা, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী হতে পারে। তবে ঘটনাটিকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায়ের পর বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনের সড়কে ককটেল ছুড়ে পালিয়ে যান।
ঘটনাটি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অলরেডি আইডেন্টিফাইড করেছি তারা কারা।” তিনি বলেন, সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া হিসেবে ওই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটা ককটেল বিস্ফোরণ করেছে। এটা বড় কোনো বিষয় না।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত যে রায় দিয়েছেন, তাতে ভুক্তভোগী ও দেশবাসী সুবিচার পেয়েছে বলে সরকার মনে করে। “আদালতের রায়ের ওপর আমাদের কোনো মন্তব্য নেই। আদালত স্বাধীন। আদালত বিচার করার পরে মনে করেছেন, তাই আদালত রায় দিয়েছেন।”
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ ধারণা করতে পারেনি যে, জুমার নামাজ পড়ার কথা বলে জড়ো হয়ে সেখানে মিছিল করা হতে পারে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়। ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে।
গুলশানের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
“আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে, ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে। এটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করেছি,” বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১৭ সেপ্টেম্বর বৈঠক
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন তথ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সোমবার একটি সম্ভাব্য সময়ের কথা জানিয়েছে। সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
তিনি বলেন, “নির্বাচন কমিশন বলেছে এটা সম্ভাব্য পরিকল্পনা, চূড়ান্ত কিছু নয়। ১৭ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয়ের সভা হবে। সেখানে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে নির্বাচনের সময় ঠিক করা হবে।”
আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনার কাজ করে।
অটোরিকশার অবৈধ চার্জিং পয়েন্টে অভিযান
সচিবালয়ের বৈঠকে রাজধানীর যানজট নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজটের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। এ জন্য সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে এবং বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অটোরিকশা বন্ধের পক্ষে সরকার নয় জানিয়ে তিনি বলেন, অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে










