সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল ড. ইউনূস ও খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উভয়কে হাস্যোজ্জ্বল অবস্থায় কথাবার্তা বলতে দেখা যায়।

প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ড. ইউনূস বলেন, “আজ আমরা সম্মানিত বোধ করছি যে, আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতির সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া।” তিনি আরো বলেন, “দীর্ঘ এক যুগ পর খালেদা জিয়া এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ অসুস্থতার পরেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকাকালে খালেদা জিয়াকে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধান উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর, প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।