অনলাইন ডেস্ক:
সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে ১৫ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত দেশটির পুলিশ অভিযান চালিয়ে মোট ১৪,৯৮৭ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে, ৯,২১২ জন আবাসিক আইন, ৩,৫০২ জন সীমান্ত আইন এবং ১,৮৭৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে গ্রেফতার হন। এছাড়া, ১,২৬৮ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৩৫% ইয়েমেন এবং ৬২% ইথিওপিয়ার নাগরিক। বাকি গ্রেফতারকৃতরা অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া, ২৩ জনকে অবৈধ অভিবাসনে সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানে সহায়তা করছিলেন। বর্তমানে সৌদি আরবে ২৩,০০০ এর বেশি অবৈধ বাসিন্দা বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যার মধ্যে ২২,২৬৩ পুরুষ এবং ১,০৫৫ নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ অথবা বাসস্থান সরবরাহ করবে, তাদের বিরুদ্ধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, এই ধরনের অপরাধে জড়িত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সূত্র: গাল্ফ নিউজ











