সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তার আর নেই। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চারদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে। তিনি রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেন এবং ২০১৪ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন।

এখন টিভির রাজশাহী অফিসের সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান রাজিব জানান, গত শুক্রবার বিকেলে মাসুমা স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কুমিল্লায় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলার সময় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন এবং মাসুমা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মাসুমা আক্তার ২০২৩ সালের ২৬ ডিসেম্বর এখন টিভির রাজশাহী ব্যুরোতে যোগ দেন। এর আগে তিনি রাজশাহীর মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম বাংলার জনপদ-এ কাজ করতেন।

তরুণ এই সাংবাদিকের অকাল মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।