নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শমসের মবিন চৌধুরীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতে রিমান্ডের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান, আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানির সময় তারা আদালতে হাজির হন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে অংশ নেন পারবেজ মিয়া। বিকালে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২৯ অক্টোবর নিহতের মা কানীছ ফাতেমা মামলা করেন।











