হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনি দুই নম্বর আসামি। একই আন্দোলনের সময় হবিগঞ্জ জেলা সদরে রিপন শীল হত্যা মামলায়ও তার নাম রয়েছে তিন নম্বর আসামি হিসেবে।

মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদী।

এদিকে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মজিদ খানকে আনতে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঢাকায় রওনা দিয়েছে।