অনলাইন ডেস্ক:
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক, এবং নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।
এ সময় মুনতাসীর মাহমুদ রহমান জানান, এর আগে নির্বাচন কমিশন যথাযথ যাচাই-বাছাই শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল রিট পিটিশন দাখিল করেন।
তিনি আরও জানান, আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করবে।











