হামের আতঙ্কে বাড়ছে উদ্বেগ: ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হামের প্রকোপ নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগটিতে প্রতিনিয়ত ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে হাসপাতালে প্রতিদিনই রোগীর দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টাতেও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৮৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে।

 

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮০৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯১ হাজার ৭৮৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৯৪৯ জনের হাম শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৫ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭১ হাজার ৯৭০ জন ছাড়পত্র পেয়েছেন।