হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাব এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ শিশু।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০২। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

এই সময়ে নতুন করে ১৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৮ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ৮৭৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ জন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ২৬ জুন হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছিল। ২৬ দিনের ব্যবধানে সেই সংখ্যা এখন ৮০০ ছুঁই ছুঁই করছে। ফলে দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।