হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৮৮

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্ত হয়েছে আরও ৯৩৮ জন। সব মিলিয়ে এক দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১ জন।

 

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার (১৯ জুলাই) পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ জন। ফলে চার মাসের কিছু বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে।

 

একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এ সময় মোট ১ লাখ ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন হাসপাতাল ছেড়েছেন।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯২ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে অধিদপ্তর।