হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে, আর ৯৭২ জনকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর কারও শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়নি। অর্থাৎ চারজনের মৃত্যুই সন্দেহজনক হামের আওতায় পড়েছে।

 

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু। চিকিৎসা শেষে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

 

এ সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় দেশের মোট ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে।

 

হাম শনাক্ত ও মৃত্যুর দিক থেকে দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

 

হামের বিস্তার রোধে সংবেদনশীল এলাকাগুলোতে টিকাদান জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের তদারকি অব্যাহত রয়েছে।