হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৯ শিশুর প্রাণহানি ঘটল। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মৃত ৯২৫ শিশুর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮২৬ জন।

 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। এদিকে, একই সময়ে দেশজুড়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ১৮ হাজার ১৪৪ জনের দেহে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন।